নারীর ক্ষমতায়নের অন্যতম প্রতিফলন হচ্ছে রাজনীতিতে নারীর অংশগ্রহণ: মায়া

 
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া  বলেছেন, নারীর ক্ষমতায়নের অন্যতম প্রতিফলন হচ্ছে রাজনীতিতে পুরুষের মতোই সমানভাবে অংশগ্রহণ। বাংলাদেশ সরকার নারীদের রাজনীতিতে সম্পৃক্তকরণের জন্য এবং রাজনীতিতে নারীর অংশগ্রহণে সমস্যা দূরীকরণে জাতীয় সংসদে নারীদের সংরক্ষিত আসনের ব্যবস্থা করেছে।
বুধবার  সিরডাপ মিলনায়তনে  দুইদিনব্যাপী ‘দক্ষিণ এশীয় নারীদের আঞ্চলিক সম্মেলনের সমাপনী দিনে ‘দক্ষিণ এশিয়ার নারীদের রাজনীতিতে অংশগ্রহণে চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
 
মায়া আরও বলেন, বাংলাদেশের বর্তমান মন্ত্রীসভায় প্রধানমন্ত্রী, কৃষিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী নারী এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও স্পিকারও নারী উল্লেখ করে তিনি আরো বলেন, এ কারণে বাংলাদেশকে এখন নারীর ক্ষমতায়নের মডেল হিসেবে উল্লেখ করা যায়।
 
সম্মেলনের আয়োজক এনজিও সংস্থা আনন্দ’র  চেয়ারম্যান  ড. আনিসুজ্জামান এতে সভাপতিত্ব করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসেন।
সেমিনারে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল ও শ্রীলংকার নারী সংসদ সদস্য ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।-বাসস।
 
ইত্তেফাক/এমআর/এএম