জামালপুরের মেলান্দহের ৮নং ফুলকোঁচা ইউনিয়নের আদিয়ারপাড়া এলাকায় সরকারি রাস্তার ৮টি কাঁঠাল কাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
জানা যায়, ফকির বাড়ির আবু মাষ্টারের ছেলে মারুফ হোসেন গত দুই দিন আগে আদিয়ারপাড়া সরকারী রাস্তার পাশের বড় বড় ৮টি মূল্যবান কাঁঠাল গাছ কেটে নিয়ে যায়। এলাকাবাসী ফুলকোচা ইউনিয়ন ভূমি অফিসে বিষয়টি জানালেও ভূমি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে কোন ব্যবস্থা নেননি বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গাছের গুড়াগুলো আবর্জনা দিয়ে ঢেকে রাখা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ ওঠা স্থানীয় একজনের কাছে জানতে চাইলে তিনি বলেন, 'ভূমি কর্মকর্তার কাছে টাকা দিয়ে গাছ কেটেছি।' অন্যদিকে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি টাকা নেওয়ার কথা অস্বীকার করে দু'একদিনের মধ্যেই অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
উল্লেখ্য, মেলান্দহ মাহমুদপুর জি.সি রোডে পয়লা ব্রিজের পশ্চিম পাশে দুর্বৃত্তরা অতি সম্প্রতি বনজ ও ফলজ বৃক্ষ কেটে সাবাড় করলেও রহস্যজনক কারণে স্থানীয় প্রশাসন নীরবতা পালন করে আসছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
ইত্তেফাক/এসএস