অবশেষে প্রশাসনের দেয়া ত্রাণ নিয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামার থেকে উচ্ছেদ শিকার সাঁওতাল পরিবারগুলো।
এর আগে গত সোমবার সরকারি এই ত্রাণ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছিল মাদারপুর ও জয়পুর পল্লীর সাঁওতালরা।
গাইবান্ধা জেলা প্রশাসকের প্রতিনিধি জেলা প্রশাসক কার্যালয়ের নিবাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা সাঁওতাল পল্লী মাদারপুর চার্চের মাঠে বুধবার দুপুরে এই ত্রাণ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহম্মদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন (ত্রাণ) কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ।
প্রাথমিক তালিকাভুক্ত প্রত্যেক সাঁওতাল পরিবারে ২০ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি ডাল, এক কেজি আলু, এক কেজি লবন ও দুটি কম্বল বিতরণ করা হয়।
এ ব্যাপারে আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্র সরেন বলেন, মঙ্গলবার তাদের দাবি নিয়ে একটি প্রতিনিধি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাত করে তাদের দাবিগুলো জানান। তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে ত্রাণ গ্রহণ করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি