চিরকুট ব্যান্ড ছেড়ে দিলেন পিন্টু ঘোষ

চিরকুট ব্যান্ডের জনপ্রিয়তা বেড়েছে আয়নাবাজি সিনেমার ‘দুনিয়া’ গানের আলোড়নে। যদিও এর আগে থেকে শ্রোতাপ্রিয় অনেক গানই তারা উপহার দিয়েছে। তবে এবার চিরকুট নিয়ে ভিন্ন খবর। মঞ্চ কিংবা টেলিভিশন অনুষ্ঠানে এখন থেকে আর গাইতে দেখা যাবে না পিন্টু ঘোষকে। 
 
বুধবার ব্যান্ডটির ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে চিরকুট ব্যান্ড জানিয়েছে, ব্যাপারটা আমরা পরিষ্কার করি। পিন্টু ভাই আমাদের সাথে আর কাজ করছেন না। উনি সলো ক্যারিয়ার গড়তে চান। পারষ্পারিক আলোচনার মাধ্যমে আমরা তাতে শ্রদ্ধার সাথে সম্মতি দিয়েছি। আমরা বিশ্বাস করি এটাই শেষ না। চিরকুট-এ ফেরার পথ উনার জন্য সব সময় খোলা থাকবে। তিনি অসাধারণ একজন প্রতিভা। আমরা তাঁর সর্বাত্মক সাফল্য কামনা করি এবং আমরা অবশ্যই তাকে মিস করবো।
 
চিরকুট আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে চলবে। যেমন কঠোর পরিশ্রমে চলেছে এতদিন। ভালোবেসে পাশে থাকলে খুশি হব।
 
 
পিন্টু ঘোষ বলছেন, এই ব্যান্ডের সব সদস্যের সঙ্গে আমার ভালোবাসা ও বন্ধুত্বের সম্পর্ক আছে। নিজেকে নতুন করে গড়তেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি পিন্টু ঘোষের অভিষেক হয়েছে চলচ্চিত্রের সংগীত পরিচালনায়। তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’র দুটি গানের সুর ও সংগীতায়োজন করেছেন তিনি।
 
ইত্তেফাক/এমএআর