নগরকান্দায় কালের সাক্ষী ৪শ’ বছরের পুরনো মসজিদ

নগরকান্দায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় ৪শ বছরের পুরনো মসজিদ। উপজেলার তালমা ইউনিয়নের পিপরুল গ্রামে অবহেলা ও অযন্তে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মসজিদটি। প্রতিদিন শত শত লোক উপস্থিত হচ্ছেন এক নজর মসজিদটি দেখার জন্য।

 
প্রায় ৪শ বছর আগে ঈসা খাঁর আমলে নঈমুদ্দিন খান বাহাদুর চৌধুরী নামে এক ব্যক্তি ৫২ শতক নিজ নামীয় জমির উপর মসজিদটি নির্মাণ করেছিলেন। সেই সঙ্গে মসজিদের পাশে একতলা ভবনের একটি মাদ্রাসা ও একটি কবরস্থান দেখা গেছে।  পিপরুল গ্রামের সামসুল হক মুন্সি জানান, এ কবরেই শুয়ে আছেন মসজিদের প্রতিষ্ঠাতা নঈমুদ্দিন খান বাহাদুর চৌধুরী। আরেক প্রবীণ ব্যক্তি আবুল হাসেম বিশ্বাস বলেন, আমরা পূর্বপুরুষ থেকে পর্যায়ক্রমে শুনে আসছি মসজিদটি ঈসা খাঁর আমলে নির্মাণ করা হয়েছে। তিনি আরো বলেন, এতদিন এলাকার মুসল্লিরা এ মসজিদে নামাজ আদায় করে আসছিল। কিন্তু বর্তমানে মসজিদের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। আমরা এখন ঝুঁকি নিয়ে নামাজ পড়ছি। এছাড়াও এলাকার অনেক ধর্মপ্রাণ মুসল্লি সরকারের কাছে দাবি জানিয়েছেন, কালের সাক্ষী ওই মসজিদটি সংস্কার করে মুসল্লিদের নামাজ আদায়ের উপযোগী করা হোক।
 
ইত্তেফাক/এএন