পরিবারকে মাদকমুক্ত করছে ফুলবাড়ী উপজেলার আদিবাসী শিক্ষার্থীরা। ফুলবাড়ি উপজেলার আলাদিপুর ইউনিয়নের বাসুদেবপুর সূর্যপাড়া আদিবাসী গ্রাম। গ্রামে শত বছরের অধিক সময় ধরে পৈতৃক সূত্রে বসবাস করছে আদিবাসী পরিবারগুলো।
এ পরিবারগুলোতে মাদক সেবন বা পান সামাজিকতা। মাদক ছাড়া বিয়ের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা পূর্ণ হয় না। মাদকের ব্যবস্থা না থাকলে অতিথিদের অপমান করা হয়। এভাবেই গড়ে উঠেছে আদিবাসীদের সমাজ ব্যবস্থা। এক দশক আগেও গ্রামের আদিবাসী পুরুষরা বাড়িতে অলস সময় কাটাতো আর নারীরা ক্ষেত-খামারে মজুরি দিয়ে আয়-রোজগার করতো। দিনে-রাতে চলতো মাদক তৈরি, সেবন ও পানের আসর। আদিবাসী পরিবারগুলোর কুসংস্কার ও পশ্চাত্পদ ধারণা মাদক বিশেষ করে তাদের তৈরি পচানী বা চোলাই মদ তৈরি এবং পান জন্মগত প্রথা ও এটাই সামাজিকতা। এগুলো না করলে সমাজ থেকে দূরে চলে যাবে এ ধারণা থেকেই প্রতিনিয়ত চোলাই মদ তৈরি ও পান তাদের নিত্যনৈমিত্তিক ব্যাপার ছিল। কিন্তু আদিবাসী পরিবারের স্কুল-কলেজ পড়ুয়া ছেলে-মেয়েরা তাদের সমাজের কুসংস্কার ও পশ্চাত্পদ ধারণা বদলানোর কাজ শুরু করেছে।
আদিবাসী শিক্ষার্থীরা বিভিন্ন সভা-সেমিনারে অংশ নিয়ে মাদক সেবন ও পানের ভয়াবহ পরিণতির বিষয়ে জানতে পেরে পরিবারকে মাদকমুক্ত রাখা শুরু করেছে।
উপজেলা আদিবাসী ফেডারেশনের সাধারণ সম্পাদক পাত্রাস কিস্কু বলেন, গ্রামকে মাদকমুক্ত করার জন্য দীর্ঘদিন থেকে চেষ্টা করে সফলতা না আসলেও শিক্ষার্থীদের ভূমিকায় গ্রাম এখন অনেকটাই মাদকমুক্ত হয়ে গেছে।
ইত্তেফাক/এএন