স্ত্রীর গায়ে এসিড নিক্ষেপ, স্বামী আটক

রাজধানীর কাফরুলে কথা কাটাকাটির জের ধরে স্ত্রীর গোপনাঙ্গে এসিড ঢেলে দিয়েছে পাষণ্ড স্বামী। শুক্রবার ভোর ৫টার দিকে পশ্চিম কাফরুলের একটি বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী পারভেজ মিয়াকে আটক করেছে পুলিশ।
 
এসিড দগ্ধ গৃহবধূর ভাই জানান, তার বোন বাসায় সেলাইয়ের কাজ করে সেগুলো বিক্রি করে সংসার চালায়। কিন্তু তার ভগ্নিপতি পারভেজ মিয়া বেকার ছিল। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকতো।
 
পুলিশ জানায়, শুক্রবার ভোরে দাম্পত্য কলহের জের ধরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী তার স্ত্রীর গোপনাঙ্গে এসিড ঢেলে দেয়। এ সময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।
 
শেরেবাংলা নগর থানার এসআই মোখলেছুর রহমান জানান, আহত গৃহবধূকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় পারভেজ মিয়াকে আটক করা হয়েছে। গৃহবধূর পরিবার থেকে কোন মামলা দায়ের করা হয়নি। মামলা দায়ের হলে পারভেজ মিয়াকে গ্রেফতার দেখানো হবে। 
 
 
ইত্তেফাক/এমআই