রামেকে বাঁশ ব্যবহার : প্রমাণ পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের লিফটের সামনে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হারুন অর রশিদের নেতৃত্বে গঠিত ৫ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি  শুক্রবার সকালে রামেক হাসপাতালে সরেজমিনে তদন্ত শুরু করেছেন। 
 
এদিকে, ভবনটি নির্মাণের সময় পদে পদে অনিয়ম করার কারণেই- এমনটি হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ওই ভবনের  কোন কোন জায়গার টাইলস ভেঙে উঠে গেছে। কোথাও আবার আপনা-আপনি টাইলস খুলে পড়ে গেছে। নবনির্মিত এ ভবনের কোথাও কোথাও ফাটল দেখা দিয়েছে। 
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, পাঁচ সদস্যের তদন্ত কমিটির সভাপতি হলেন- স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হারুন অর রশিদ। অন্য সদস্যরা হলেন- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) অধ্যাপক ড. তারিফ উদ্দিন, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একজন প্রকৌশলী, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এম হাসান এবং রামেক হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মোসাদ্দেক হোসেন। তদন্ত কমিটি গতকাল শুক্রবার সকালে রামেক হাসপাতালের নতুন ভবনটি পরিদর্শন করেন। 
 
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. তৌফিকুল ইসলাম মো. বেলাল বলেন, তদন্ত কমিটি সকালে ভবনটি পরিদর্শন করে ‘কেন রডের পরিবর্তে বাঁশ দেয়া হলো’ তা জানতে লিফটের ঠিকাদার প্রোপার্টি লিফট, রাজশাহী গণপূর্তের তৎকালীন সহকারী প্রকৌশলী মাইনুল ইসলাম, হাসপাতাল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে জিঙ্গাসাবাদ করেছেন এবং লিখিত বক্তব্য নিয়েছেন। 
 
ইত্তেফাক/ইউবি