ইয়েমেনে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি আরব জোটের

 
ইয়েমেনে ৪৮ ঘণ্টার অস্ত্রবিরতি ঘোষণা করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। শনিবার থেকে এটি কার্যকর হচ্ছে।সৌদি আরবের বার্তা সংস্থা এসপিএ’র ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
 
জোটের বিবৃতি বলা হয়, ইয়েমেনের স্থানীয় সময় শনিবার দুপুর ১২টা থেকে ৪৮ ঘণ্টার এই অস্ত্রবিরতি কার্যকর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
এতে আরো বলা হয়, হুতি বিদ্রোহী ও তাদের মিত্ররা অস্ত্রবিরতি চুক্তি মেনে চললে তা নবায়িত করা হতে পারে। এর ফলে অবরুদ্ধ বিভিন্ন নগরীতে ত্রাণ সরবরাহ করার সুযোগ পাওয়া যাবে।
 
বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের প্রেসিডেন্ট আবেদ্রাবো মনসুর হাদির অনুরোধের প্রেক্ষিতে জোট এই অস্ত্রবিরতি ঘোষণা করলো।
 
বিবৃতিতে বলা হয়, জোট বাহিনী এ অস্ত্রবিরতি মেনে চলবে। তবে তারা হুঁশিয়ার করে বলেছে, দেশের সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুলাহ সালেহের অনুগত বিদ্রোহী বা সৈন্যরা কোন ধরনের সামরিক পদক্ষেপ নিলে তারা তার কড়া জবাব দেবে।
 
বিবৃতিতে বলা হয়, তবে এই অস্ত্রবিরতি চলার সময় পর্যবেক্ষণ বিমান ইয়েমেনের আকাশে টহল অব্যাহত রাখবে।
 
উল্লেখ্য, ২০১৫ সালের পর থেকে জোট বাহিনী হাদির সরকারের অনুগত বাহিনীকে সামরিক সহযোগিতা করে আসছে।
 
বিদ্রোহীরা নতুন এ অস্ত্রবিরতি মেনে চলবে কিনা সে ব্যাপারে তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন প্রতিশ্রুতি পাওয়া যায়নি।
 
ইত্তেফাক/এএসএস