ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আসাম প্রদেশে বিপ্লবীদের হামলায় ৩ ভারতীয় সৈন্য আহত ও ৪ জন নিহত হয়েছেন। ভারতের আসাম প্রদেশের গাওহাটি শহর থেকে ছয়'শ কিলোমিটার দূরে পেংগেরি বনাঞ্চলের নিকটে শনিবার সকালে এই হামলা করা হয়। হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও আসামের স্বাধীনতাকামী বিপ্লবী গোষ্ঠী 'ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম'কে দায়ী করছে সেনা বাহিনী।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জানায়, বিপ্লবীরা ঘরে বানানো বোমার সাহায্যে হামলা চালিয়ে একটি আর্মি জিপ ও ট্রাক আটকায়। এরপর সেখানে রকেট চালিত গ্রেনেড এবং একে-৪৭ বন্দুক দিয়ে হামলা চালায়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় ৩ জন। ৪ জন সৈন্যকে গুরুতর আহত অবস্থায় সেখান থেকে হেলিকপ্টারে করে নিকটস্থ সামরিক স্থাপনায় অবস্থিত হাসপাতালে নিয়ে আসা হয়।
দীর্ঘদিন ধরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের স্বাধীনতার জন্য লড়াই করছে বেশ কিছু বিপ্লবী গোষ্ঠী। এই অঞ্চলে গত কয়েক সপ্তাহ ধরে বেশ তৎপর রয়েছে তারা। পরেশ বড়ুয়ার নেতৃত্বে তারা ভারতের চীন ও মিয়ানমার সীমান্ত আশ্রয় নিয়ে এই হামলা চালাচ্ছে। গত সপ্তাহে তারা একটি চা কোম্পানির ট্রাক জব্দ করে সেখানে থাকা অর্থ লুট করে এবং একজনকে গুলি করে হত্যা করে। ওয়াশিংটন পোস্ট।
ইত্তেফাক/আরএ