নড়াইলে শেষ হয়েছে জেলা ইজতেমা

 
লাখো মুসল্লির অংশগ্রহণে বিশ্ব শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে নড়াইলে শেষ হয়েছে তাবলীগ জামায়াতের তিন দিনব্যাপী জেলা ইজতেমা। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ মোনাজাত অনুষ্ঠিত হয়।
 
নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকার হাউজিং প্রকল্পের বালুর মাঠে প্রায় ১৮ একর এলাকা জুড়ে অনুষ্ঠিত ইজতেমায় আখেরি মোনাজাতে নড়াইল জেলাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে লাখো মুসল্লি অংশগ্রহণ করেন। মোনাজাত পরিচালনা করেন ঢাকা কাকরাইল জামে মসজিদের ইমাম মাওলানা মোশারফ হোসেন।
 
গত ১৭ নভেম্বর ফজরের নামাযের পর আম বয়ানের মধ্যদিয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠিত ইজতেমার কার্যক্রম শুরু হয়। ইজতেমায় দেশবরেণ্য আলেমরা ইসলামী জীবন বিধান ও ধর্মের আলোকে বয়ান করেন।
 
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খাঁন জানান, নিরাপত্তার জন্য ইজতেমা প্রাঙ্গনে প্রায় এক হাজার পুলিশসহ সাদা পোষাকেও পুলিশ নিয়োজিত ছিলেন।
 
 
ইত্তেফাক/কেকে