আলোচনার ভিত হতে পারে আমার প্রস্তাব: খালেদা জিয়া

 
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আশা প্রকাশ করেছেন যে, সকলের অংশগ্রহণে প্রতিদ্বন্দিতাপূর্ণ একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আলোচনা শুরুর ভিত্ হতে পারে বিএনপির দেয়া সামপ্রতিক প্রস্তাবনা।
 
শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকলের কাছে গ্রহণযোগ্য একটি দক্ষ, নিরপেক্ষ ও উপযুক্ত নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, ২০ দলীয় জোট প্রধান বেগম খালেদা জিয়া শুক্রবার তাঁর দলের পক্ষ থেকে এই প্রস্তাবনা উপস্থপন করেছেন। ঢাকার গুলশানে ওয়েস্টিন হোটেলে বিশিষ্ট নাগরিক, বিদেশী কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ, সাংবাদিক ও দল-জোটের নেতৃবৃন্দের উপস্তিতিতে উপস্থাপিত এই ফর্মুলায় রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দেয়া হয়েছে। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ফেব্রুয়ারি মাসে ফুরিয়ে যাবে।
 
এদিকে শনিবার বাংলা ও ইংরেজি উভয় ভাষায় করা টুইটেও তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এই টুইট বার্তা আজ সন্ধ্যা ৫.৩৪ মিনিটে বেগম খালেদা জিয়ার নিজস্ব টুইটার একাউন্টে পোস্ট করা হয়।
 
বেগম খালেদা জিয়া বাংলায় তাঁর টুইট বার্তায় বলেছেন: “নিরপেক্ষ ইসি গঠনে আমি বিএনপির প্রস্তাবনা তুলে ধরেছি। অংশগ্রহণমূলক নির্বাচন চাইলে ক্ষমতাসীনরাও এর ভিত্তিতে আলোচনার সুযোগ নিতে পারেন।”
 
গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের প্রস্তাবনা উপস্থাপন উপলক্ষে বেগম খালেদা জিয়া আরো বলেছেন যে, নিরপেক্ষ নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা আগামীতে যথাসময়ে উপস্থাপন করা হবে।
 
ইত্তেফাক/এএম।