এএইচএফ কাপে জয় দিয়ে শুরু বাংলাদেশের

জয় দিয়েই এএইচএফ কাপে শুরু করেছে বাংলাদেশ। শনিবার হংকংয়ের কিংস স্টেডিয়ামে স্বাগতিক দলকে ২-৪ গোলে হারায় বাংলাদেশ।
 
পেনালটি কর্নার থেকে দুটি গোল করেন স্পেশালিন্ট মামুনুর রহমান চয়ন। এছাড়া পেনাল্টি স্ট্রোক ও ফিল্ড থেকে আরও দু’টি গোল করেন রাসেল মাহমুদ জিমি।
 
এদিন ম্যাচের শুরু থেকেই হংকংকে চেপে ধরে খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ২২ মিনিটেই  পেনালটি কর্নার(পিসি) থেকে গোল আদায় করে প্রথমেই বাংলাদেশকে এগিয়ে রাখেন মামুনুর রহমান চয়ন (১-০)।
 
মিনিট তিনেক পর ফের পিসি থেকে আবার সাফল্য এনে দেন সেই চয়নই (২-০)। ৩৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে লাল সবুজকে আবারও উল্লাসে মেতে তোলেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমি (৩-০)। তবে তিন গোল হজম করে এবার ঘুরে দাঁড়ায় হংকং।
 
মিনিট দুয়েক পরেই পিসি থেকে সেং কিং কাঙ ব্যবধান কমান (১-৩)। ৪২ মিনিটে ফিল্ড থেকে অধিনায়ক চুং মিং গোল করলে ব্যবধান কমে দাঁড়ায় ২-৩ এ। অনেকটাই শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ। তবে ম্যাচের ৫২ মিনিটে ফিল্ড থেকে জিমি আরেকটি গোল করলে জয়টা নিশ্চিত হয় লাল সবুজদের (৪-২)। বাংলাদেশ পরবর্তী ম্যাচ সোমবার বিকেল চারটায় চাইনিজ তাইপের সঙ্গে। বাসস
 
ইত্তেফাক/এমএইচ