কাহালুতে ডাকাত ও পুলিশের মধ্যে গোলাগুলি, দুই পুলিশসহ গুলিবিদ্ধ ৪

বগুড়ার কাহালু উপজেলায় পুলিশের সঙ্গে ডাকাতদলের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য ও দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধরা ডাকাতরা হলেন, উপজেলার পিলকুঞ্জ ঝাঁঝাহারপাড়া গ্রামের আব্দুল আলিম (২৭) ও শিবগঞ্জ উপজেলার পিরব গ্রামের  ফুলবর (২৮)।
 
পুলিশ জানায়, শনিবার রাত দুইটার দিকে উপজেলার কালাই খামারপাড়া গ্রামের পাশে একদল ডাকাত দুপচাঁচীয়া-নামুজা সড়কে ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় টহলরত পুলিশ টের পেয়ে ডাকাতদের ধাওয়া করলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এ সময় উভয়পক্ষের চারজন গুলিবিদ্ধ হয়েছে। পরে পুলিশ গুলিবিদ্ধ দুই ডাকাতকে গ্রেফতার করে রাতেই বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। আর গুলিবিদ্ধ দুই পুলিশ সদস্যকে বগুড়া পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করানো হয়।
 
কাহালু থানার এসআই মতিয়ার রহমান জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি।
 
ইত্তেফাক/এএসএমইউ