মাদ্রিদ ডার্বি নিয়ে এমনিতেই আগ্রহ থাকে অনেক। পয়েন্ট অর্জনের পাশাপাশি এতে থাকে মর্যাদার লড়াই। এল ক্লাসিকোর মতো না হলেও রিয়াল ও অ্যাতলেটিকোর দ্বৈরথও রোমাঞ্চিত করে ফুটবল প্রেমীদের।
শনিবার রাতে লিগায় নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে সর্বোচ্চ গোলের রেকর্ডের হাতছানি ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে। আর হ্যাটট্রিক করেই মাইলফলকটি উদযাপন করলেন পর্তুগিজ অধিনায়ক।
তার হ্যাটট্রিকেই ৩-০ গোলের ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ। এবারের লিগে প্রথমবারের সাক্ষাতে তাই জয় পেল জিনেদিন জিদানের শিষ্যরা। শনিবার রিয়ালকে আতিথিয়েতা জানায় অ্যাতলেটিকো।
অ্যাতলেটিকোর মাঠ ভিসেন্তে কালদেরনে এটি শেষ মাদ্রিদ ডার্বি। আগামী মৌসুম থেকে নতুন মাঠ লা পিয়েনেতায় চলে যাবে দলটি। অ্যাতলেতিকোর বিপক্ষে এ পর্যন্ত রিয়ালের হয়ে সর্বোচ্চ ১৭টি করে গোল করেছেন আলফ্রেডো ডি স্টিফানো ও সান্তিয়াগো বার্নাব্যু। আর এ ম্যাচের আগে রোনালদো ২৫ ম্যাচে ১৫ গোল করেছিলেন। তবে হ্যাটট্রিক করে নিজেকে নিয়ে গেলেন সবার ওপরে।
ম্যাচের ২৩ মিনিটে ফ্রি-কিক থেকে নিজের গোলের খাতা খুলেন রোনালদো। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে করেন দ্বিতীয় গোল। ছয় মিনিট পর হ্যাটট্রিক পূরণ করেন সিআর সেভেন।
এ জয়ে ১২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে থাকা বার্সেলোনা থেকে চার পয়েন্ট এগিয়ে গেল গ্যালাকটিকোরা।
ই্ত্তেফাক/এমএইচ