ছাতকে মসজিদের জমির মালিকানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।
রবিবার দুপুরে শহরের চরেরবন্দ এলাকার পৌর কাউন্সিলর নওশাদ মিয়া ও রহিম উদ্দিনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা চিকিৎসা নিতে এসে ছাতক হাসপাতালের অভ্যন্তরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, চরেররবন্দ জামে মসজিদের জমি নিয়ে বেশ কিছুদিন ধরে পৌর কাউন্সিলর নওশাদ মিয়া ও প্রতিপক্ষ রহিম উদ্দিনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। রবিবার সকালে নওশাদ মিয়ার ভাতিজা খালেদ মিয়ার সঙ্গে রহিম উদ্দিনের মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
এদিকে চিকিৎসা নিতে এসে রহিম উদ্দিনের পক্ষের লোকজনের সঙ্গে আহত নওশাদ মিয়ার স্ত্রীর বাক-বিতণ্ডা হয়। খবর পেয়ে নওশাদ মিয়া পক্ষের লোকজন হাসপাতালে এসে হামলা চালায়। হামলাকারীরা হাসপাতালের জরুরি বিভাগ ভাঙচুর করেছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. অভিজিত শর্ম্মা জানান, চিকিৎসা নিতে আসা আহতদের স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগে হামলা করেছে।
ইত্তেফাক/ইউবি