বঙ্গবন্ধু সেতুতে ট্রেন লাইনচ্যূত, উত্তরবঙ্গ থেকে ঢাকার যোগাযোগ বন্ধ

দিনাজপুর থেকে ঢাকাগামী চাল বোঝাই একটি ট্রেন বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ে লাইনচ্যূত হওয়ায় টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব ও টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে দুটি ট্রেন আটকা পড়েছে। উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সকল ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। 
 
বঙ্গবন্ধু সেতুপূর্ব সহকারী রেল স্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, রবিবার সকাল ১১টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী চাল বোঝাই একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছলে ইঞ্জিনসহ ৬টি বগি লাইনচ্যূত হয়ে পড়ে। ফলে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তর বঙ্গগামী একতা এক্সপ্রেস টাঙ্গাইল ঘারিন্দা স্টেশনে ও নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশনে আটকা পড়ে। এতে ট্রেনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে যাত্রীদের মধ্যে কেউ কেউ সড়ক পথে যাওয়ার চেষ্টা করছে। 
 
এদিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের সহকারী মাস্টার জানান, টাঙ্গাইলে ২টি ও সিরাজগঞ্জে ৩টি ট্রেন আটকা আছে। উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। ৪/৫ ঘন্টার মধ্যে চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভবনা রয়েছে।
 
 
ইত্তেফাক/এমআই