নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভারতের প্রখ্যাত কথাসাহিত্যিক এবং মুড়াপাড়া জমিদার বাড়ির উত্তরসূরি সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার উপজেলার মুড়াপাড়া মঠেরঘাট এলাকায় রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। এর আগে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) নিজে সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়কে মুড়াপাড়া জমিদার বাড়ি ঘুরিয়ে দেখান। জানা গেছে, বাংলাদেশ সরকার ও কথাসাহিত্যিক পরিষদের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসেন ভারতের প্রখ্যাত কথাসাহিত্যিক সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়। তিনি রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া জমিদার বাড়ির উত্তরসূরি। এ ছাড়া রূপগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়টিও ওই জমিদার বাড়িতে।
এই প্রথম সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় রূপগঞ্জে তার পৈতৃক ভিটেবাড়ি দেখতে মুড়াপাড়ায় আসেন। সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় তত্কালীন জমিদার জগদীশ চন্দ্র ব্যানার্জীর নাতনি। পৈতৃক ভিটেবাড়ি পরিদর্শনে এসে সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মুড়াপাড়ায় জমিদার আমলের নিদর্শনগুলো বাংলাদেশ সরকার সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নতুন প্রজন্মের মাঝে এই স্থাপত্যগুলোর ঐতিহাসিক গুরুত্ব প্রসারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমি আশা করছি।’ নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেন, মুড়াপাড়া জমিদার বাড়িসহ জমিদার আমলের নিদর্শনগুলো সংরক্ষণে বর্তমান সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
ইত্তেফাক/এএন