নওগাঁর আত্রাইয়ে এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে বখাটে রুবেল হোসেনকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করলেও মামলার অপর দুই আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে গ্রেফতারকৃত রুবেল হোসেনকে সোমবার দুপুরে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
মামলার আসামিরা হলেন- শ্রীধরগুরলই গ্রামের আব্দুল মজিদের ছেলে পাপ্পু হোসেন (২৩), গ্রামের মকবুল হোসেনের ছেলে রুবেল হোসেন ও মো. ময়নার ছেলে ছেজার ইসলাম (২৬)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই ছাত্রী উপজেলা সদরের একটি কলেজে পড়াশুনা করতেন। গত শনিবার দুপুরে কলেজ থেকে ফেরার সময় পথ অবরোধ করে পাপ্পু হোসেন, রুবেল হোসেন এবং ছেজার ইসলাম শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এ সময় ছাত্রীটি চিৎকার দিলে তিনজনই দ্রুত পালিয়ে যায়। ছাত্রীটি বাড়িতে গিয়ে তার বাবা-মাকে ঘটনাটি জানালে মেয়েটির বাবা স্থানীয় ইসলামগাঁথী ওয়ার্ড সদস্য (মেম্বার) সুলতান ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে রবিবার রাতে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন।
আত্রাই থানা তদন্ত কর্মকর্তা শামসুল আলম জানান, গত রবিবার রাতে অভিযান চালিয়ে রুবেল হোসেনকে গ্রেফতার করে সোমবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার বাকি দুই আসামিকেও দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।