সেই শিক্ষার্থীদের জন্য স্বর্গের সিঁড়ি!

এ বছরের মে মাসেই আন্তর্জাতিক গণমাধ্যমে ঝড় তুলেছিল দক্ষিণ পশ্চিম চীনের প্রত্যন্ত গ্রাম আতুলার গ্রামের শিশুদের স্কুলে যাওয়ার কঠিন সংগ্রামের চিত্র। সিয়াচেন প্রদেশের আতুলার গ্রামের কোমলমোতি শিশুরা প্রতিদিন ৮০০ মিটার উচ্চতা বেয়ে প্রতিদিন স্কুলে যেত। জীবনের ঝুঁকি নিয়ে দুর্গম ঐ রাস্তা দিয়ে শিশুদের স্কুলে যাওয়ার ঐ ছবি গণমাধ্যমে প্রকাশের পর টনক নড়ে কর্তৃপক্ষের। অবশেষে সেই আতুলার গ্রামের শিক্ষার্থীদের জন্য তুলনামূলক নিরাপদ একটি উন্নতমানের সিড়ি তৈরি করল চীন সরকার।

 

গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি আর আন্তর্জাতিক প্রতিক্রিয়ার মুখে ৮০০ মিটার উঁচু একটি স্টিলের সিড়ি তৈরি করে দিয়েছে সরকার। এই সিড়ি পেয়ে আনন্দে কেঁদে ফেলেছেন গ্রামের প্রবীণরা। আশা একটাই, গ্রামের শিশু শিক্ষার্থীরা নিরাপদে স্কুলে যেতে পারবে। নতুন এই সিড়ি বেয়ে উঠতে হলেও ঘন্টাখানেক সময় লাগবে শিশুদের। কিন্তু তাদের কাছে এটি স্বর্গের সিড়ির মতোই। যে কোন সময় পা পিছলে নিশ্চিত মৃত্যুর ভয় একটু হলেও কমল। আগের সিড়িটি অনেকটাই অরক্ষিত আর পুরোপুরি খাড়া ছিল। কিন্তু নতুন সিড়িটি তৈরি হয়েছে ৬০ ডিগ্রি কোনাকুনি করে। আগস্টে শুরু হওয়া সিড়ি তৈরির কাজে ব্যবহূত হয়েছে ৪০ টন স্টিল। নতুন সিড়ি পাওয়ার পর এক শিশু বলে, এই সিড়িতে পা রাখার জায়গা রয়েছে। একারণে এই সিড়ি দিয়ে ওঠানামা করতে আমাদের খুব সুবিধে হয়েছে। নতুন সিড়ি তৈরির পর সেখানে রাস্তা তৈরির পরিকল্পনা করছে চীন সরকার। তবে এর জন্য লাগবে ৫০ লাখ মার্কিন ডলার।-গ্লোবাল টাইমস

ইত্তেফাক/এএন