রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের জনপ্রিয় কবিতা ‘বাংলার মুখ আমি দেখিয়াছি’ এবার গান হয়ে আসছে জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুনের কণ্ঠে। কবিতাটি গান করে তিনি গাইবেন ‘কিমিয়া’ নামের একটি টেলিছবির জন্য। গানটি গাওয়ার পাশাপাশি এতে অভিনয়ও করছেন আগুন।
জানা গেছে, সুলতান আহমেদের রচনা ও পরিচালনায় ‘কিমিয়া’তে আগুন জুটি বাঁধবেন লারা লোটাসের সঙ্গে। শহীদ বুদ্ধিজীবীদের উপর নির্মিত এই টেলিফিল্মে আরো অভিনয় করবেন আহসানুল হক মিনু, উত্তম সরকার, সুকুমার প্রমুখ। সাতরং মিডিয়ার ব্যানারে এর প্রযোজনায় থাকছেন আলেকজান্ডার অলোকঢালী।
২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে টেলিছবিটির শুটিং। নীলফামারি বিভিন্ন বধ্যভূমিসহ তিস্তার ব্যারেজে এর দৃশ্য ধারণ হবে। এরই মধ্য দিয়ে প্রথমবারের কোনো বিনোদনমূলক অনুষ্ঠানের শুটিং হতে যাচ্ছে তিস্তা ব্যারেজে।
আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে ‘কিমিয়া’ প্রচারিত হবে।
ইত্তেফাক/এমএআর