ময়মনসিংহ শহরে বখাটের ছুরিকাঘাতে রাশেদুজ্জামান লিয়ন (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে লিয়নকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই ১০টার দিকে তার মৃত্যু হয়।
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম সত্যতা স্বীকার করেছেন।
নিহত লিয়ন ময়মনসিংহ পৌরসভার বলাশপুর এলাকার মালয়েশিয়া প্রবাসী আকতারুজ্জামানের ছেলে। সে শহরের কেওয়াটখালী রেলওয়ে স্কুলের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণির ছাত্র ছিল।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলের মাঠের পাশেই সহপাঠি সাকিবুল হাসান, নাঈমসহ ৬ জন বখাটেরা লিয়নকে ছুরিকাঘাত করে। লিয়নের বাড়ী নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়নের চর বেলামারি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক সহ স্বজনদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।
অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম জানান, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে নারী সংক্রান্ত ঘটনায় এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা প্রকাশ করছে।
এ ঘটনায় পালিয়ে যাওয়া ভিকটিম সাকিবুল হাসানকে কতোয়ালী থানা পুলিশ ত্রিশালের জিলকি গ্রাম থেকে গ্রেফতার হয়েছে। ছেলে হারা মা রাশেদা খাতুন বারবার কান্নায় ভেঙ্গে পড়ছেন ও খুনিদের ফাঁসির দাবি করেন।
ইত্তেফাক/এমএইচ