গাজীপুরে সাইফুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর সুরাবাড়ী এলাকায় মো. সাইফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মনির হোসেন  (২১)কে গ্রেফতার করেছে পুলিশ।
 
মঙ্গলবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ। নিহত সাইফুল লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চর আবাবিল গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে।
 
বর্তমানে তারা ঢাকার কেরানীগঞ্জ থানার চুলকাটিয়া গ্রামের বাসিন্দা।
 
পুলিশ সুপার জানান, গত বছরের ২৮ জুনে কাশিমপুরের সুরাবাড়ী গ্রামের নাভানা হাউজিং কোম্পানি এলাকার বিল থেকে হাত-পা বাঁধা ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহত সাইফুলের ভাই মো. রুবেল বাদি হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
 
পরে দীর্ঘ তদন্ত শেষে গত রাতে কালাকুর গ্রামের অলিউল্লাহ বেপারীর ছেলে মো. মনির হোসেনকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত মনির পুলিশকে জানায়, মনির তার দুই বন্ধুসহ পূর্ব শত্রুতার জেরে সাইফুলকে কেরানীগঞ্জ থেকে গাজীপুরের কাশিমপুর এলাকায় এনে ফুসলিয়ে বিলে বেড়াতে নিয়ে যায়। এক পর্যায়ে হাত-পা বেঁধে পানিতে ফেলে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় মনির।
 
ইত্তেফাক/এমএইচ