জাপানের পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের কাছে একটি শক্তিশালী ভূমিকম্পের পর জারি করা সুনামি সতর্কতা তুলে নেয়া হয়েছে। টোকিও ইলেকট্রিক পাওয়ারের কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার ভোর ছয়টার দিকে ফুকুশিমার কাছে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ৪। ভূমিকম্পের পর উপকূলে সুনামি আঘাত হানে। এ সময় সাগরের পানির উচ্চতা ছিল এক মিটার (৩ দশমিক ৩ ফুট)। ভূমিকম্পের পর প্রাথমিকভাবে সেখানে তিন মিটার উঁচু সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। তবে অবশেষে সেখানে অপেক্ষাকৃত ছোট আকৃতির ঢেউ আঘাত হানে।
ভূমিকম্পের পর হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়। কয়েক জন সামান্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ২০১১ সালে জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর ভয়াবহ সুনামির আঘাতে ১৮ হাজার মানুষ প্রাণ হারায়। সেসময় ফুকুশিমায় একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিধ্বস্ত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা প্রাথমিকভাবে ভূমিকম্পের তীব্রতা ৭ দশমিক ৩ বললেও পরে জানায়, এর তীব্রতা ছিল ৬.৯। তবে জাপানের কর্তৃপক্ষ বলেছে এর তীব্রতা ৭.৪। এএফপি।
ইত্তেফাক/এসএসএ