নিহত দিয়াজের বাড়িতে ছাত্রলীগ সাধারণ সম্পাদক

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর (২৫) মৃত্যুতে তার বাড়িতে যান ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। মঙ্গলবার দুপুরে তিনি দিয়াজের বাড়িতে যান এবং তার কবর জিয়ারত করেন।
 
ঘটনার তদন্ত সম্পর্কে জাকির বলেন,প্রধানমন্ত্রীর এপিএস এর সাথে দিয়াজের মায়ের কথা হয়েছে। এছাড়াও মেয়র আ জ ম নাছির উদ্দিন তদন্ত প্রক্রিয়াকে সুষ্ঠু করার জন্য পদক্ষেপ নিয়েছেন। তদন্ত প্রক্রিয়া যেন স্বচ্ছ ও নিরপেক্ষ হয় সে জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সার্বিক সহযোগিতা থাকবে বলে জানান জাকির।
 
তিনি আরও বলেন,দিয়াজ বাংলাদেশ ছাত্রলীগ তথা সমগ্র বাংলাদেশের ছাত্ররাজনীতির সূর্য সন্তান। দিয়াজের মত মেধাবী, বিচক্ষণ ছাত্রনেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খুঁজে পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ আছে।
 
তাকে নিয়ে যেন কোন প্রকার নোংরা রাজনীতি করা না হয় সেজন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি।
 
দিয়াজের বড় বোন জোবাইদা সরওয়ার নিপা অভিযোগ করেন, ওরা আমার ভাইকে মেরে ফেলছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী তদন্ত প্রতিবেদন বাধাগ্রস্ত ও বানচাল করার জন্য কাজ করে যাচ্ছে। এ বিষয়ে সহকারী প্রক্টর আনোয়ার হোসেনকে বারবার ফোন করেও পাওয়া যায় নি।
 
ইত্তেফাক/এমআর/এমএইচ