এই মার্কিনি জানেন না, কে নতুন প্রেসিডেন্ট!

প্রায় দুই সপ্তাহ আগে অনুষ্ঠিত হয়ে গেল মার্কিন নির্বাচন। মার্কিন নির্বাচনের ফলাফল নিয়ে বিশ্ববাসীর উত্সাহের কোনো কমতি ছিল না। বিবিসি, সিএনএন, আলজাজিরাসহ বিশ্বের শীর্ষ গণমাধ্যমগুলোর মধ্যে প্রতিযোগিতা চলছিল কে কার আগে সর্বশেষ ফলাফল নিয়ে হাজির হতে পারে। শেষ পর্যন্ত কে নির্বাচিত হচ্ছে তা নিয়েও চরম উত্তেজনা কাজ করেছে বিশ্ববাসীর মধ্যে। অথচ খোদ মার্কিন মুলুকেরই এক বাসিন্দা এখনো জানেন না, কে হলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। 

 
এই কথা শুনলে যে কারোর কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু প্রকৃত ঘটনা হলো, জো চ্যান্ডলার নামের ঐ মধ্যবয়সী মার্কিনি মনে করেন এটা না জেনেই তিনি দিব্যি আছেন। তাই সেটা নিয়ে তার কোনো মাথাব্যথা নেই। জানতেও চান না। নির্বাচনের দিন থেকে ফলাফল নিয়ে কিছুটা উত্তেজনা কাজ করেছে। এক পর্যায়ে মনে হলো ঘণ্টায় ঘণ্টায় আপডেট না নিয়ে একবারে চূড়ান্ত ফলাফল জানবেন। তাই বিকাল পর্যন্ত ফলাফলের আশেপাশে গেলেন না। বিকালে অনুভব করলেন ফলাফল না জেনেও বেশ ভালো আছেন। চিন্তা করলেন আর দুই এক দিন পর জানবেন। দুই দিন পর দেখলেন না জেনে ভালোই আছেন। এরপরই ঠিক করলেন ফলাফল জানবেনই না।
 
নির্বাচনের ফলাফল না জানার জন্য তিনি সংবাদপত্র, টেলিভিশন, ইন্টারনেট সবই বর্জন করেছেন। রাস্তায় বের হয়ে যাতে শুনতে না পারেন এজন্য কানে লাগিয়েছেন হেড ফোন। আর বুকের ওপর একটি কাগজে লিখেছেন, ‘আমি জানি না কে জিতেছে, জানতেও চাই না। দয়া করে কেউ বলতে এসো না।’-ইউপিআই
 

ইত্তেফাক/এএন