মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা

 
জয়পুরহাটের কালাইয়ে পড়ার সময় ফেসবুক ব্যবহার করায় মায়ের বকা খেয়ে নবম শ্রেণির এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। বুধবার সকালে বুড়ইল গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। 
 
থানা সূত্রে জানা গেছে, উপজেলার বুড়ইল গ্রামের আব্দুর রহিম ফকিরের ছেলে আব্দুর রউফ (১৬)। শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়াশুনা করত। পড়াশুনার সময় ওই ছাত্র মোবাইল ফোনে ফেসবুক ব্যবহার করত। তা বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠী থেকে শুরু করে পবিবারের সবাই জানেন।
 
ওই বিষয় নিয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে কয়েকবার তার পরিবারকে জানানোও হয়েছে। বাবা-মা রউফকে ফেসবুক ব্যবহার না করার জন্য নিষেধ করেন। পড়াশুনার প্রতি মনোযোগ দেয়ার তাগিদ দেন। তা শর্তেও ওই ছাত্র মঙ্গলবার দিবাগত রাতে পড়ার টেবিলে বসে মোবাইলে ফেসবুক ব্যবহার করতে থাকে। 
 
এসময় তার মা তাকে বকা দিয়ে ঘর থেকে বেড়িয়ে যান। এরপর যে যার মতো করে ওই রাতে ঘুমে পড়েন। পরের দিন বুধবার সকালে রউফের মা ছেলেকে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য কয়েক বার ডাক দিলে তার কোনো জবাব না পাওয়ায় ঘরের দিকে গিয়ে জানালা দিয়ে তার ছেলেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করেন। 
 
এ সময় প্রতিবেশীরা এসে রউফকে ঝুলন্ত দেখে থানায় খবর দেন। খবর পেয়ে কালাই থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ময়নাতদন্তের জন্য ওই ছাত্রের লাশ উদ্ধার করে।
 
কালাই থানার ওসি তদন্ত বিশ্বজিৎ বর্মণ বলেন, রউফের লাশ উদ্ধার করা হয়েছে।
 
 
ইত্তেফাক/কেকে