সাদুল্লাপুরে মাছ ব্যবসায়ী খুন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক মাছ ব্যবসায়ী দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন। নিহত সুনিল চন্দ্র দাস (৪০) উপজেলা সদর বনগ্রাম ইউনিয়নের শালাইপুর গ্রামের শশী চন্দ্র দাসের ছেলে।
 
বুধবার সকাল ১০টার দিকে স্থানীয়দের খবরে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বাইসাইকেলে করে ব্যক্তিগত প্রয়োজনে সুনিল গাইবান্ধা যাচ্ছিলেন। রাতে আর বাড়ি ফিরেননি। সকালে বাড়ির অদূরে ধানের জমিতে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
 
পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
 
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ