গেণ্ডারিয়ায় শুরু হচ্ছে বাংলা একাডেমির বইমেলা

 
রাজধানীর গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা প্রাঙ্গণে বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলা একাডেমির ৫ দিনব্যাপী বইমেলা। বাংলা একাডেমি ও গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা যৌথ উদ্যোগে ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এই মেলার আয়োজন করেছে।
 
বৃহস্পতিবার বিকেল চারটায় বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। স্বাগত বক্তব্য রাখবেন বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ। উদ্বোধনি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষাবিদ অধ্যাপক শফিউল আলম।
 
প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা চলবে। শুক্র ও শনিবার (২৫ ও ২৬ নভেম্বর) মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। এছাড়া প্রতিদিন বিকেল ৪টা থেকে মেলা প্রাঙ্গণে রয়েছে শিক্ষা ও বই বিষয়ক সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৫ নভেম্বর শুক্রবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট 
কথাসাহিত্যিক দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন। সভাপতিত্ব করবেন মোরশেদ আহমেদ চৌধুরী। 
২৬ নভেম্বর শনিবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ ড. হায়াৎ মামুদ, সভাপতিত্ব করবেন শহিদুল্লা মিনু। 
২৭ নভেম্বর রোববারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ ফারুক, সভাপতিত্ব করবেন মো. জালাল উদ্দিন। 
২৮ নভেম্বর সোমবার পাঁচ দিনব্যাপী বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিলারা খানম। সভাপতিত্ব করবেন ফাহমিদা কুমকুম। 
বুধবার বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।-বাসস।
 
 
ইত্তেফাক/এমআর/এএম