ডায়াবেটিস নিয়ন্ত্রণে সঠিক চিকিৎসা নিন: মাশরাফি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের উদ্দেশ্যে বলেছেন, 'ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে যত দ্রুত সম্ভব এর সঠিক চিকিৎসা নিন।'
 
ডেনমার্কের স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান নভো নরডিস্ক আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নভো নরডিস্ক ডায়াবেটিস প্রতিরোধে ও নিয়ন্ত্রণে গত ৫০ বছরেরও বেশী সময় ধরে বাংলাদেশে কাজ করছে। মাশরাফি নভো নরডিস্ক এবং ডায়াবেটিক এসোসিয়েশন অব বাংলাদেশের  শুভেচ্ছা দূত হিসেবে সম্প্রতি যোগদান করেছেন।
 
এ সময় মাশরাফি বলেন, 'ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির ৬, ৭ এবং ৮ এ সংখ্যাগুলোর ওপর বিশেষ নজর দিতে হবে। সকালের নাস্তার আগে রক্তে শর্করার মাত্রা ৬ এর নিচে রাখতে হবে, এইচবিএওয়ানসি (রক্তে তিন মাসের শর্করার গড়) থাকবে ৭ বা এর নিচে এবং সকালে নাস্তার দুই ঘণ্টা পর রক্তে শর্করার মাত্রা ৮ এর নিচে।' 
 
সংবাদ সম্মেলনে নভো নরডিস্কের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট (বিজনেস এরিয়া সাউথ ইস্ট এশিয়া) পিটারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এসএস