ভোলায় ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

ভোলায় ভুল চিকিৎসায় আদিত্য নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছে তার স্বজনেরা। এ ঘটনায় বুধবার রাত ১১ টার দিকে শহরের হাবিব মেডিকেল সেন্টারে মৃতের স্বজন ও উত্তেজিত জনতা ভাংচুর করেছে। তারা চিকিৎসকের বিচারের দাবিতে শহরে কয়েক দফা বিক্ষোভ মিছিলও করেছে।

 
পুলিশ অভিযুক্ত ডাক্তার ভোলা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ এবং হাবিব মেডিক্যালে  পার্টটাইম চিকিৎসক আব্দুল কাদেরকে আটক করেছে। ডাঃ কাদেরকে পুলিশ ভ্যানে তোলার সময় বিক্ষুদ্ধ জনতা তার ওপর হামলা চালায়। নিহত আদিত্য ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী রতন কৃষ্ণ দে’র সন্তান।
 
রতন কৃষ্ণ অভিযোগ করেন, তার ছেলে ৩ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলো।   সন্ধ্যায় হাবিব ক্লিনিকের ডাঃ কাদেরের কাছে নিয়ে আসেন তিনি। পরীক্ষা নিরীক্ষার পর  এক গ্রামের সেফট্রোন ইনজেকশন প্রেসক্রাইব করেন। নার্স ওই ইনজেকশন পুশ করার সঙ্গে  সঙ্গে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
 
এদিকে অভিযুক্ত ডাঃ কাদের জানান তার চিকিৎসায় কোন ভুল ছিনা না। ভোলা মডেল থানার ওসি মীর খায়রুল কবির জানান, অভিযোগের ভিত্তিতে ডাঃ কাদেরকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়েন্ত্রনে আনতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
ইত্তেফাক/এএন