কুষ্টিয়ার মিরপুরে ডিবি পুলিশ পরিচয়ে সাড়ে ৫ লাখ টাকাসহ এক ব্যবসায়ীকে নিজ বাড়ীর সামনে থেকে অপহরণ করার চাঞ্চল্যকর সংবাদ পাওয়া গেছে। সংবাদটি মুঠোফোনের মাধ্যমে বিভিন্ন এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে জনতার প্রতিরোধে অপহরণকারীরা ওই ব্যবসায়ীকে ফেলে রেখে পালিয়ে যেতে বাধ্য হয়। পরে পুলিশ অপহৃত ওই ব্যবসায়ীকে উদ্ধার ও অপহরণের কাজে ব্যবহৃত হাইচ মাইক্রোবাসটি চালকসহ আটক করে।
সূত্র জানায়, বুধবার সকালে পৌরসভার গ্রাম মিরপুর মহল্লার মিরপুর বাসষ্ট্যান্ডপাড়ার ইছাহক ফকিরের ছেলে ব্যবসায়ী সাহেব আলী অগ্রণী ব্যাংক মিরপুর শাখা থেকে সাড়ে ৫ লক্ষ টাকা উত্তোলন করে ভ্যানযোগে বাড়ী ফিরছিলো। ভ্যানটি বাড়ীর সামনে এসে পৌঁছালে পিছন দিক থেকে মেহেরপুরগামী একটি মাইক্রোবাসের ৪ যাত্রী নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয়ে তাকে তুলে নেয়। গাড়ীতে তুলে তারা সাহেব আলীর চোখ বেঁধে এবং হ্যান্ডকাপ পরিয়ে পরিয়ে মেহেরপুরের দিকে চলে যায়।
পরে সংবাদটি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে অপহরণকারীরা তাকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের আমলা বাজারের নিকটবর্তী মহদিপুর আম বাগানের সামনে টাকাসহ ফেলে রেখে পালিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ উক্তস্থান থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার এবং খলিশাকুন্ডি বাজার থেকে অপহরণ কাজে ব্যবহৃত হাইচ মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-৫৩-৩৬৪১) সহ চালককে আটক করে। এ সময় অপহরণকারী দলের বাকী সদস্যরা পালিয়ে যায়।
আটককৃত চালকের নাম তারা মিয়া (৪৫)। সে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার রাজাচর হানিফহাজী ডাঙ্গী গ্রামের আব্দুল হামিদ শেখের ছেলে। এ ব্যাপারে মিরপুর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃত চালক ও গাড়িটির ব্যাপারে ব্যাপক অনুসন্ধান চলছে।
ইত্তেফাক/এএন