ডোপিং বিরোধী আইনে স্বাক্ষর করলেন পুতিন

 
অ্যাথলেটদের মাদক গ্রহণে প্ররোচণাকারী কোচ বা মেডিকেল স্টাফদের কারাদণ্ডাদেশ প্রদান সম্বলিত ডোপ বিরোধী আইনে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অ্যাথলেটদের ডোপ গ্রহণে উৎসাহিত করার অভিযোগ ওঠায় ইমেজ সংকটে ভুগছে রাশিয়া। স্বচ্ছ ইমেজ ফিরিয়ে আনার লক্ষ্যে রাশিয়া এ আইন প্রণয়ন করেছে।
 
ডোপিংয়ের অভিযোগে রিও অলিম্পিকে অংশ নিতে পারেনি রুশ অ্যাথলেট দল। প্যারা অলিম্পিকেও তাদের নিষিদ্ধ করা হয়েছে।
 
ডোপ গ্রহণে উৎসাহ প্রদানকারী কর্মকর্তাদের বিরুদ্ধে সর্বনিম্ন এক বছরের কারাদণ্ডাদেশের বিধান রেখে ডোপিং বিরোধী আইনটি প্রণয়ন করা হয়েছে। চলতি মাসের শুরুতে ডোপিং বিরোধী এই আইনটি রুশ পার্লামেন্ট ও সিনেটে অনুমোদন লাভ করে। তবে প্রণীত আইনে ডোপিংয়ে সনাক্ত হওয়া বা প্রতারণা করা অ্যাথলেটের সাজা কি হবে সে বিষয়ে কোন নির্দেশনা রাখা হয়নি। এ বিষয়ে আরো আইন প্রণয়নের পরিকল্পনা রয়েছে জানিয়েছেন আইন প্রণেতারা। বাসস।
 
ইত্তেফাক/আরএ