চুয়াডাঙ্গায় শুরু হয়েছে তিনদিন ব্যাপী জেলাভিত্তিক বিশ্ব ইজতেমা। জেলা শহরের পৌর এলাকার সরকারি মহিলা কলেজ সংলগ্ন মাঠে শতাধিক বিঘা জমির উপর প্রথমবারের মত বৃহস্পতিবার থেকে এই ইজতেমা শুরু হয়েছে। শনিবার যোহরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি ঘটবে। ইজতেমাকে ঘিরে নিশ্চিত করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ।
স্থানীয় তাবলীগ নেতারা বলেন, ইজতেমায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করবেন। দেশের বাইরে থেকে ভারত, আরব-আমীরাত ও ইন্দোনেশিয়ার উল্লেখযোগ্য সংখ্যক মুসল্লি এই ইজতেমায় অংশ গ্রহণ করবেন। বিদেশি মেহমানদের থাকার ব্যবস্থাসহ ইজতেমায় আগত মুসল্লিদের জন্য ওজুখানা, পাঁচ শতাধিক টয়লেট, গোসলের জন্য পাঁচটি পুকুর প্রস্তুত করা হয়েছে।
ইজতেমার অন্যতম উদ্যোক্তা চুয়াডাঙ্গার পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘পৌরসভার পক্ষ থেকে দিনরাত সার্বক্ষণিক বিশুদ্ধ খাবার পানি ও প্রয়োজনীয় সকল প্রকারের সুব্যবস্থা নেয়া হয়েছে।
চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, বুধবার দুপুর থেকেই পুরো ইজতেমা ময়দান পুলিশ বেষ্টনীতে আবদ্ধ করা হয়েছে। চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি খিতরায় সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। পুরো মাঠকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ