পাক্কা অভিনেতা রওনক হাসান। পুরোদস্তুর এ টেলিভিশন তারকা এখন ব্যস্ত রয়েছেন বান্দরবানে। অভিনেতা-নির্মাতা মীর সাব্বিরের জনপ্রিয় ধারাবাহিক ‘নোয়াশাল’ নাটকের শ্যুটিং নিয়ে তিনদিন ওখানে কাজ করবেন। শ্যুটিংয়ের কাজের ফাঁকেই বর্তমান ব্যস্ততা, আগামী নাটক, টেলিভিশন কলাকুশলীদের মহাসমাবেশসহ বিভিন্ন বিষয়ে তার সঙ্গে কথা হলো ইত্তেফাক অনলাইনের।
আরটিভিতে প্রচারিত বহুল জনপ্রিয় ‘নোয়াশাল’ এর প্রথম পর্ব থেকে ধারাবাহিকটির টিমের সঙ্গে রয়েছেন রওনক হাসান। গতকাল ছিল ‘নোয়াশল’ নাটকের ৪০০তম পর্ব।
সব মিলিয়ে কেমন লাগছে প্রশ্ন করতেই তিনি বলেন, আসলে ভাল কাজ হলে যে সাড়া পাওয়া যায় তার প্রমাণ হলো ‘নোয়াশাল’। এখন পর্যন্ত ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েই নাটকটি চলছে। বলতে হবে সাব্বিরের মেধা আর শ্রম বৃথা যায়নি। বিশেষ করে কোন একটি ধারাবাহিক ৪০০ পর্বে নিয়ে যাওয়া যা-তা কথা না। বাংলা নাটকে অনেক বড় অর্জন এটি।
IMG0
এবার আসা যাক, অন্যান্য কাজের প্রসঙ্গে। আসছে ডিসেম্বরে বিজয়ের মাসে থাকছে বেশ কয়েকটি নাটক। এগুলো নিয়ে রওনক বলেন, ১৬ ডিসেম্বর উপলক্ষ্যে বেশ কিছু কাজ করেছি। এরমধ্যে সাবাব আলী আরজু পরিচালিত নাটক ‘অন্তেষ্টিযাত্রা’তে কাজ করেছি, এটি আরটিভিতে প্রচারিত হবে। ইদ্রিস হায়দারের ‘গোলাপ-কথা’ যাবে বাংলাভিশনে।
বিজয় দিবস উপলক্ষ্যে আরো থাকছে ‘এবং মুক্তিযুদ্ধ’ নামের একটি নাটক। এছাড়া চ্যানেল আইয়ের আরো একটি কাজে শিগগিরই শ্যুটিং শুরু হবেও জানান রওনক। নাটকগুলো তার সঙ্গে কাজ করেছেন ফজলুর রহমান বাবু, শামিমা নাজনীন, অ্যালেন শুভ্রসহ অনেকে।
IMG1
রওনক হাসানের আরেকটি পরিচয় রয়েছে। টিভি নাটক-টেলিফিল্ম বা অন্যান্য কাজে বড্ড চুপচাপ বা কখনো একরোখা ব্যক্তিত্ব হিসেবে দেখা গেলেও মানুষ হিসেবে তিনি বরাবরই প্রতিবাদী স্বভাবের। বলছিলেন নিজেই এমন কিছু কথা। আসছে ৩০ নভেম্বর ‘শিল্পে বাঁচি, শিল্প বাঁচাই’ শ্লোগানে শহীদ মিনারে টেলিভিশন কলাকুশলীদের মহা সমাবেশ রয়েছে। যেটি নিয়ে বেশ সোচ্চার এই জনপ্রিয় মুখ।
IMG2
রওনক বলেন, ‘৫ দফা দাবিতে আমরা মহাসমাবেশ করবো, সবগুলোয় যৌক্তিক দাবি। এরমধ্যে ডাবিংকৃত বিদেশী সিরিয়াল বন্ধ, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ, ক্রয় ও প্রচারের ক্ষেত্রে এজেন্সির হস্তক্ষেপ বন্ধ, টেলিভিশন শিল্পের সর্বক্ষেত্রে এআইটির ন্যূনতম ও যৌক্তিক হার পুনর্নির্ধারণ এবং ডাউন লিংকের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার বন্ধ করা’।
দেশের শিল্পী ও শিল্পকে টিকিয়ে রাখতে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি। আসছে প্রতিবাদ সমাবেশে সকলের অংশগ্রহন ও সংশ্লিষ্টদের সহযোগিতার আহবান জানিয়েছেন জনপ্রিয় টিভি তারকা রওনক হাসান।
ইত্তেফাক/এমএআর