কালাইয়ে বাস উল্টে আহত ২৬

জয়পুরহাটের কালাইয়ে বাসের চাকা খুলে যাওয়ার ঘটনায় ২৬ জন আহত হয়েছে। যাত্রীবাহী ওই বাসের সামনের দু’চাকা খুলে মহাসড়কের উপর উল্টে পড়ে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কের পুনট বাসস্ট্যান্ডের অদূরে একটি চাতালের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।
 
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বেলা আড়াইটার দিকে জয়পুরহাট থেকে আল্লাহর দান এন্টারপ্রাইজ (বগুড়া-ব- ৪৬১৬) নামে বাসটি যাত্রী নিয়ে বগুড়ার উদ্দেশে রওয়ানা দেয়। পথিমধ্যে পুনট বাসস্ট্যান্ডের অদূরে একটি চাতালের নিকটে পৌঁছলে হঠাৎ করে ওই যাত্রীবাহী বাসটির সামনের স্যাপ্টসহ দু’চাকা খুলে গিয়ে মহাসড়কের উপরে বাসটি পড়ে উল্টে যায় এবং বিকট শব্দ হয়। শব্দ শুনে প্রথমে স্থানীয় ও পুনট বাসস্ট্যান্ডের লোকজন এসে বাসের ভিতর থেকে আহতদের উদ্ধার করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের কালাই, জয়পুরহাট ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। 
 
কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. ইবনে সাঈদ বলেন, আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।