নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মৃত্যুর আগ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এডভোকেট সাখাওয়াত হোসেন খান। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ ঘোষণা দেন।
বিএনপির এই প্রার্থী বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষ জেগে ওঠেছে। তারা পরিবর্তন চায়। হারানো ভোটাধিকার ফিরে পেতে চায়। নৌকা গণতন্ত্র হরণের প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মানুষ এবার ধানের শীষকে ভোট দেবে।’
প্রশাসনে ও আইনশৃঙ্খলা বাহিনীতে দলীয় লোক রয়েছে দাবি করে নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তাদের অন্যত্র বদলির দাবি জানান সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, ‘২০১১ সালের ৩০ অক্টোবর নির্বাচন সুষ্ঠুভাবে করতে নির্বাচন কমিশন সরকারের কাছে সেনাবাহিনী চেয়েও পায়নি। সেজন্য আমরা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলাম। কিন্তু এবার আমাদের ধানের শীষ ও নৌকার মর্যাদার লড়াই। মৃত্যুর আগ পর্যন্ত আমি নির্বাচনের মাঠে থাকবো।
মনোয়নপত্র জমা দেয়ার সময় সাখাওয়াত হোসেন খানের সঙ্গে ছিলেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর, জেলা বিএনপির সাধারণ কাজী মনিরুজ্জামান, শহর বিএনপির সাধারণ এটিএম কামাল প্রমুখ।
ইত্তেফাক/এএম।