শুক্রবার রাত ৯ টা ০৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে ড্রিম আই প্রযোজিত নাটক ‘ইন্সপিরেশন’। হাবিব জাকারিয়া উল্লাসের গল্পে নাটকটি পরিচালনা করেছেন অসীম গোমেজ। এতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, নাদিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস ও নিকুল কুমার মণ্ডল।
নাটকের গল্পে দেখা যাবে লেখক আনিন্দ্য জামান ইদানীং আর লিখতে পারছেন না। একসময়ের দুর্দান্ত ইন্সপিরেশন তার স্ত্রীর কাছ থেকেও আর ইন্সপিরেশন পাচ্ছেন না। স্ত্রীর সঙ্গে দূরত্ব বাড়তে থাকে। কি করবে সে বুঝতে পারছেনা। তাকে লিখতে হবে, না হয় সে বাঁচবে না। স্ত্রীর অনুপস্থিতিতে একদিন অপূর্ব সুন্দরী এক রমণী চলে আসে তার বাসায়। আনিন্দ্য জামান নতুন করে যেন প্রাণ ফিরে পায়। তার মাথায় লেখা আসতে থাকে। নতুন নতুন সব আইডিয়া। সে আগের থেকে আরো ভাল লিখতে পারছে। সুন্দরী আর লেখার নেশা আরো বেড়ে যায় তার। আনিন্দ্যের আচরণ অস্বাভাবিক, ইদানীং বেপারটি স্ত্রী খেয়াল করছে। ব্যাপারটি সে টের পেয়ে যায়, শুরু হয় নতুন দ্বন্দ্ব। সুন্দরী আর আসছে না, আনিন্দ্যের লেখা আবার থেমে যায়। এখন তার অবস্থা আগের থেকে আরো খারাপ। একদিন ঘটল আরেক কাকতালীয় ঘটনা। আনিন্দ্য জামান এবার আরো অস্থির হয়ে যায়। এভাবে চলতে থাকলে আর কোনদিন সে লিখতে পারবে না। এভাবেই এগিয়ে যাবে গল্পের কাহিনী।
নাটকটিতে প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন এবিডি তুহিন। এতে আরো কাজ করেছেন সহকারী পরিচালক ইয়াসিন রহমান সুমন, ক্যামেরায় মোস্তাক মোরশেদ, সম্পাদনায় লিংকন বিশ্বাস এবং আবহ সংগীত ও রূপসজ্জায় বিপ্লব বড়ুয়া ও আব্দুর রহমান।
ইত্তেফাক/এসএস