রাজউকের উত্তরা তৃতীয় প্রকল্পের নির্মাণ কাজ ২০১৭ সালের মধ্যে শেষ হবে। ১৯৯৯ সালে এ প্রকল্প কাজ শুরু করা হয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী বৃহস্পতিবার এ তথ্য জানান।
তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, 'প্রকল্পের সড়ক ও কালভার্টসহ ভূমি ও অবকাঠামোর ৯৫ ভাগ উন্নয়ন কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে।
ইউটিলিটি সার্ভিস সম্পর্কে রাজউক চেয়ারম্যান বলেন, 'ওয়াসা ডিপ-টিউবওয়েল বসানোর জন্য ইতোমধ্যেই স্থান নির্ধারণ করেছে। ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোং (ডেস্কো) প্রকল্পের বিদ্যুৎ লাইন স্থাপনের কাজ করছে। সকল সেক্টরে বৈদ্যুতিক খুঁটি বসানো হয়েছে। আগামী বছরের মাঝামাঝি সময়ে পানি ও বিদ্যুতের কাজ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।'
প্রকল্প এলাকায় মোট ১২টি ব্রিজ নির্মাণ করা হবে। ইতোমধ্যেই ১০টি সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকি দুটির নির্মাণ কাজ চলছে বলেও তিনি জানান।
সরকার ১৯৯৯-২০০২ সালের মেয়াদে প্রকল্পটি গ্রহণ করে। প্রকল্প ব্যয় ধরা হয়েছিল ২০৪৪ কোটি টাকা। পরে এটি বাড়িয়ে ২৩৪০ কোটি টাকা করা হয়। ১৯৯৯ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার এ প্রকল্পটি গ্রহণ করে। -বাসস।
ইত্তেফাক/এসএস