লোহাগাড়া উপজেলা সদরের আলহাজ মোস্তফিজুর রহমান কলেজের পাশে উপজেলা খাদ্য গুদাম। ওই গুদামের পাশে আরেকটি নতুন খাদ্য গুদামের অসম্পূর্ণ নির্মাণ কাজ দু’ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
১.৩৫ লাখ টন নতুন খাদ্য গুদাম প্রকল্পের আওতায় ২০১১ সালে পুরাতন খাদ্য গুদামের পাশে আরেকটি নতুন খাদ্য গুদাম নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। ১ হাজার টন খাদ্যশস্য ধারণ ক্ষমতা সম্পন্ন এ গুদামের নির্মাণ কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স বার্ড কন্সট্রাকশন লি.। ওই প্রতিষ্ঠান ২০১১ সালের মে মাসে নির্মাণ কাজ শুরু করে। ২০১৩ সালের ডিসেম্বর মাসে নির্মাণ কাজ সম্পন্নের কথা ছিল। কিন্তু ঠিকাদার মাত্র ২০ ভাগ কাজ সমাপ্ত করে এবং ২০১৪ সালের মে মাসে অসমাপ্ত রেখে চলে যায়। ফলে এটি পরিত্যক্ত অবস্থায় আছে। কালো হয়ে গেছে সমাপ্ত হওয়া বিভিন্ন নির্মাণ কাজ। আরএমও চট্টগ্রামের প্রতিবেদন অনুযায়ী সমাপ্ত কাজের ৯০ ভাগ নষ্ট হওয়ার পথে। দ্রুত ব্যবস্থা না নিলে বাকি কাজ সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অনিল বিকাশ চাকমা জানান, খাদ্য গুদাম নির্মাণ কাজের বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখনো পর্যন্ত কোনো ফলাফল পাওয়া যায়নি।
এদিকে জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, প্রকল্পটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। নতুনভাবে করার জন্য প্রস্তাবিত অবস্থায় রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমান জানান, ঠিকাদারের চরম অবহেলা এবং খাদ্য বিভাগের তদারকির অভাবে বৃহত্তর এ উন্নয়ন প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হয়েছে। জেলা সমন্বয় সভা ও উপজেলা সমন্বয় সভায় একাধিকবার বিষয়টি উত্থাপন করে কার্যক্রম গ্রহণ করার জন্য খাদ্য অধিদপ্তরকে বলা হয়েছে। কিন্তু খাদ্য অধিদপ্তর বিষয়টির ব্যাপারে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেনি।
তবে চট্টগ্রাম গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (ডিভিশন-১) এর সঙ্গে ফোনে যোগাযোগ করলে মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
ইত্তেফাক/এএন