পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনী দেড় শতাধিক বিয়াফ্রাপন্থি অহিসংস বিক্ষোভকারীকে হত্যা করেছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত বছরের আগস্ট থেকে বিভিন্ন সময়ে তাদের হত্যা করা হয় বলে সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে সংস্থাটি। তবে স্থানীয় পুলিশ অ্যামনেস্টির এ দাবি প্রত্যাখ্যান করেছে। উল্লেখ্য, নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বাধীন রাষ্ট্র বিয়াফ্রা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছে দেশটির ইগবো জনগোষ্ঠী।
প্রায় ২০০ মানুষের সাক্ষাত্কার, ১০০ ফটোগ্রাফ ও ৮৭টি ভিডিওর ভিত্তিতে তৈরি করা এক প্রতিবেদনে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ওই অভিযোগ করে অ্যামনেস্টি। প্রতিবেদনে যেসব অভিযোগ তোলা হয়েছে তার মধ্যে কয়েকটিকে ‘বিচার বহির্ভূত হত্যা’ বলে অভিহিত করেছে সংস্থাটি। এগুলোর মধ্যে চলতি বছরের মে মাসে বিয়াফ্রা স্মরণ দিবসকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ড অন্যতম। ওই সময় অনেচা শহরে দুই দিনে ৬০ ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। দেশটির পূর্বাঞ্চল বিয়াফ্রার স্বাধীনতার দাবিতে বিক্ষোভ করছিলেন স্থানীয়রা, যা প্রতিহত করতে পুলিশ ও সেনারা গুলি চালান, নিহত হন বহু সাধারণ মানুষ। অ্যামনেস্টি নাইজেরিয়ার অন্তর্বর্তীকালীন পরিচালক মাকমিদ কামারা বলেন, ‘বিক্ষোভ সামাল দেওয়ার এসব বেপরোয়া কর্মকাণ্ড ও কিছু ঘটলেই গুলি করার মানসিকতার বলি হয়েছে অন্তত ১৫০টি প্রাণ, প্রকৃত সংখ্যাটি সম্ভবত আরও অনেক বেশি হবে।’
অপরদিকে দেশটির সেনাবাহিনী বলেছে, অ্যামনেস্টি তাদের ভাবমূর্তি কলঙ্কিত করার চেষ্টা করছে। তারা নিরপেক্ষ নন বলেই এমন একটি সংখ্যা দাঁড় করিয়েছেন। নাইজেরীয় সেনাবাহিনীর মুখপাত্র সানি উসমান দাবি করেছেন, ‘উসকানিমূলক ও বাড়াবাড়ি রকমের সহিংসতা সত্ত্বেও সামরিক বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছে।’
ইত্তেফাক/এএন