বেনাপোলে ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে সড়ক অবরোধ

সাদা পোশাকে র‌্যাব পরিচয় দিয়ে বেনাপোল বাজার থেকে টিপু সুলতান ওরফে বাদশা মল্লিক (৪৮) নামে একজন ব্যবসায়ীকে আটকের  প্রতিবাদে শুক্রবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বেনাপোল-যশোর সড়ক অবরোধ করে ব্যবসায়ীরা। 
 
এ সময় শতশত নারী পুরুষ বাজারের দোকানপাট বন্ধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। অবরোধের ফলে শতশত যান বাহন আটক পড়ে । দুভোর্গের শিকার হন ভারতগামী ও ভারত ফেরত  যাত্রীরা। 
 
খবর পেয়ে পের্ট থানা পুলিশ ঘটনাস্থলে এসে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করলে তারা ২ ঘণ্টা পর অবরোধ তুলে নেয়। পরে প্রেসক্লাব বেনাপোলে এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা  জানান, রোববারের মধ্যে বাদশাকে মুক্তি না দিলে তারা অনির্দিষ্টকালের জন্য বেনাপোলে ধর্মঘট চালিয়ে যাবেন।  আটক বাদশা মল্লিক রঘুনাথপুর গ্রামের কেরামত আলী মল্লিকের ছেলে। 
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাজার কমিটির সাধারণ সম্পাদক আ. ওয়াহেদ দুদু জানান, বাদশা মল্লিককে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে র‌্যাব পরিচয় দিয়ে সাদা পোশাকে ৭-৮ জন  যুবক আটক করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। আজ শুক্রবার ভোরে বাদশাকে ২৭৩ বোতল ফেন্সিডিল, একটি শাটারগান এবং ৫ রাউন্ড গুলিসহ বেনাপোল পোর্ট থানায় সোপার্দ করেছে র‌্যাব। 
 
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপুর্ব হাসান জানান, আটক বাদশা মল্লিককে  শুক্রবার ভোরে র‌্যাব থানায় সোপার্দ করেছে। তার বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।
 
ইত্তেফাক/ইউবি