চ্যাম্পিয়নশিপ লিগে চট্টগ্রাম মোহামেডান ও ফকিরেরপুলের ড্র

মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে চট্টগ্রাম মোহামেডান ও ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব ড্র করেছে। শুক্রবার  বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয় দল দুটি। ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয়েছে ম্যাচ।
 
শুক্রবার অবশ্য প্রথমে লিড নিয়েছিল ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব। ম্যাচের ১৪ মিনিটে ফকিরেরপুলের আব্দুল্লাহ হালিম গোল করে দলকে এগিয়ে নেন। তার গোলে ভর করে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিশ্রামে যায় আকাশী রঙের জার্সিধারীরা।
 
বিরতির পর ম্যাচের ৬৮ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরান চট্টগ্রাম মোহামেডানের ফরহাদ। বাকি সময়ে আর কোনো গোল না হলে ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় ম্যাচ।
 
এ ড্রয়ের ফলে ৭ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে। অন্যদিকে চট্টগ্রাম মোহামেডান ৭ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে।
 
ইত্তেফাক/এমএইচ