রাজধানীর কামরাঙ্গীরচরে রহমতবাগে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।
শনিবার সকাল সাড়ে সাতটার দিকে রহমতবাগের ৬ নম্বর রোডে তামান্না প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার জানান, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইসমাইল হোসেন ও ইসহাক মনিরের মালিকানাধীন এ কারখানার ৩য় তলার একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্য আগুন পাশের দুইটি কক্ষে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ওই তিনটি কক্ষের প্লাস্টিকের আসবাবপত্র ও রাসায়নিক উপাদান পুড়ে যায়।
ফায়ার সার্ভিস বলছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে। অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়নি।
ইত্তেফাক/কেকে/এএসএমইউ