আরো ৬৭ বস্তা ধান বুঝে নিল সাঁওতালরা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল জনগোষ্ঠিকে তৃতীয়দিন শনিবার ৬৭ বস্তা বুঝে দিয়েছে রংপুর চিনিকল কর্তৃপক্ষ। 
 
সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও চিনিকলের প্রায় একশত শ্রমিক-কর্মচারী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দিয়ে এই ধান কাটেন। 
 
এর আগে গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে সাঁওতালদের রোপন করা ধান চিনিকল কর্তৃপক্ষ নিজ উদ্যোগে গত বৃহস্পতিবার থেকে কেটে সাঁওতালদের বুঝে দেয়া শুরু করে। বৃহস্পতিবার ২৬ বস্তা ও শুক্রবার ৫৬ বস্তা ধান সাঁওতাল জনগোষ্ঠিকে বুঝে দেয় মিল কর্তৃপক্ষ। এ পর্যন্ত ২ মন বস্তার ওজনের মোট ১৪৯ বস্তা ধান সাঁওতালদের দেয়া হল। 
 
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আওয়াল জানান, মেশিন দিয়ে ধান কাটা ও মাড়াই করার পর বস্তাজাত করে সাঁওতালদের দেয়া হচ্ছে। বৃহস্পতিবার প্রায় আড়াই একর, শুক্রবার ৯ একর এবং শনিবার প্রায় ১০ একর জমির ধান কাটা হয়েছে। 
 
শনিবারও সকালে ধান কাটা সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হান্নান, জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন ও রাফিউল আলম, গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, বাংলাদেশ চিনি খাদ্য শিল্প সংস্থার প্রতিনিধিসহ চিনিকলের কর্মকর্তা-কর্মচারীরা।  
 
ইত্তেফাক/ইউবি