যশোরে মাছ বিক্রেতাকে গুলি করে হত্যা

যশোরে সুমন হোসেন (২৫) নামে এক মাছ বিক্রেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। 
 
শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের বারান্দীপাড়া কদমতলা এলাকার টগরের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। সুমন হোসেন শহরের খালধার রোডের আলিয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা। 
 
সুমনের বন্ধু সবুজ হোসেন বলেন, সুমন হোসেন সেখানে চা পান করার সময় দুটি মোটরসাইকেলে তিনজন যুবক এসে তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা  করেন। 
 
যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, সুমনকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক যোগসূত্র আছে কিনা তা এখনই বলা যাচ্ছে না। হত্যায় জড়িতদের আটক করার চেষ্টা চলছে। 
 
ইত্তেফাক/ইউবি