মুক্তিযোদ্ধাকে হারিয়ে প্রতিশোধ শেখ রাসেলের

প্রিমিয়ার লিগের প্রথম পর্বের হারের প্রতিশোধ নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। দ্বিতীয় পর্বে মুক্তিযোদ্ধাকে ২-০ ব্যবধানে হারিয়েছে শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা।
 
লিগের প্রথম পর্বে শেখ রাসেলকে একই ব্যবধানে হারিয়েছিল মুক্তিযোদ্ধা। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শনিবার ৩৬তম মিনিটে এগিয়ে যায় শেখ রাসেল। অধিনায়ক আতিকুর রহমান মিশুর কর্নারে ইকাঙ্গার হেড ঠিকানা খুঁজে পায়। প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে ৮০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় শেখ রাসেল।
 
মিশুর ক্রস থেকে ডিফেন্ডারদের নাকের ডগা দিয়ে ইকাঙ্গা এবারও হেড দিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন। লিগে এটি শেখ রাসেলের পঞ্চম জয়। ১৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে তারা। ষষ্ঠ হারের স্বাদ পাওয়া মুক্তিযোদ্ধা ২৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে।
 
ইত্তেফাক/এমএইচ