নবাবগঞ্জে নির্মাণাধীন(ফয়েজ উদ্দিন মুন্সি সড়ক) পাকা রাস্তায় মাটি ভরাট কাজ ও বাঁকা-সোজার নাম করে এলাকাবাসীর কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে যন্ত্রাইল নতুন ইউনিয়ন পরিষদ থেকে চক যন্ত্রাইল পর্যন্ত ৮শ’ মিটারের এ কাজ করা হচ্ছে। অর্থ আদায়কারীরা ওই প্রকল্পে মাটি ভরাটের কাজ করছে বলে স্থানীয়দের অভিযোগ।
ঠিকাদার প্রতিনিধি ও স্থানীয় সূত্র জানায়, এলজিইডি’র অর্থয়ানে ৫৫ লাখ টাকা ব্যয়ে এর বাস্তবায়ন করছে পদ্মা কনস্ট্রাকশন নামে ঠিকাদারী প্রতিষ্ঠান।
স্থানীয়দের অভিযোগ, ছাত্রলীগ নেতা রাজুর নেতৃত্বে রাস্তায় মাটি ভরাটের নামে পার্শ্ববর্তী নিরীহ জমির মালিকদের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে। কাউকে আবার খালের মাটি ভরাট করে রাস্তা ঘুরিয়ে নেওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
এদিকে ছাত্রলীগ নেতা রাজু ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, প্রকল্পের বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। তাই স্থানীয়দের সম্মতিতেই খালের অংশ ভরাট করা হচ্ছে। অর্থ আদায়ের তথ্য সঠিক নয়। উপজেলা প্রকৌশলী মো. শাহ্জাহান বলেন, এ বিষয়ে জেনেছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এএন