বাগেরহাট সদর উপজেলায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্য নিহত হয়েছেন।
শনিবার রাতে সদর উপজেলার রাখালগাছি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, রাখালগাছি এলাকায় ১০-১২ জন জেএমবি সদস্য নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত দুইটার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এ সময় এক জঙ্গি গুলিবিদ্ধ হন। বাকিরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ ওই জঙ্গিকে গুরুতর অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে তিনটি বোমা, দুটি ওয়ান শ্যুটার ও পাঁচটি গুলি পাওয়া যায়।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ