ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে স্পোর্টিং গিজনকে ২-১ গোলে পরাজিত করে লা লিগায় আরো এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার থেকে রিয়ালের পয়েন্টের ব্যবধান এখন সাত।
শনিবার পেনাল্টি স্পট থেকে ম্যাচের পাঁচ মিনিটের মধ্যেই রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন রোনাল্ডো। তখনই ধারণা করা হয়েছিল সহজ জয় পেতে যাচ্ছে মাদ্রিদ। ২৮ মিনিটে হেডের সাহায্যে দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন সিআর সেভেন। যদিও বিরতির ১০ মিনিট আগে কার্লোস কারমোনা স্পোর্টিয়ের পক্ষে এক গোল পরিশোধ করেন। তবে ম্যাচ শেষের ১২ মিনিট আগে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ হাতছাড়া করেন স্বাগতিকরা।
ভিক্টর রডরিগুয়েজের আদায় করা পেনাল্টি থেকে ডুয়ে কপ গোলবারের উপর দিয়ে বল পাঠালে ম্যাচে ফেরা হয়নি গিওনের। এর ফলে স্যান্তিয়াগো বার্নাব্যুতে জয়ের ধারা অব্যাহত রাখলো রিয়াল। এই নিয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা ৩১ ম্যাচ জয় ধরে রাখলো রিয়াল।
এদিকে রেলিগেশনের হুমকিতে থাকা ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়ে বার্সাকে হঠিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে সেভিয়া। তবে রোববার রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয় তুলে নিলেও বার্সা আবারো দ্বিতীয় স্থান ফিরে পাবে। এই ম্যাচে জয়ী হতে পারলে গত নয় বছরে সোসিয়েদাদের মাঠে প্রথম জয়ের দেখা পাবে কাতালানরা। আগামী সপ্তাহে ক্যাম্প ন্যুতে মৌসুমের এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবার আগে বার্সার জন্য এই জয়টা জরুরি।
মাদ্রিদ বস জিনেদিন জিদান বলেছেন, ‘আজকের ম্যাচটা আমরা ভুলে যেতে চাই। কারণ যেভাবে করতে চেয়েছি তার কিছুই হয়নি। সবকিছুতেই আমরা পিছিয়ে ছিলাম। তারপরেও তিন পয়েন্ট তুলে নিতে পেরে আমরা খুশি। কারণ এটাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
গত সপ্তাহে এ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্রিক করার পরে রোনালদো তার গোলের ধারা বজায় রেখেছেন। ৫ মিনিটে সফরকারী ডিফেন্ডার সার্জিও আলভারেজ ডি বক্সের মধ্যে লুকাস ভাজকুয়েজকে ফাউল করলে পেনাল্টির নির্দেশ দেন স্প্যানিশ রেফারি আলেজান্দ্রো হার্নান্দেজ। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দিতে ভুল করেননি রোনাল্ডো। ১৮ মিনিটে নাচোর ক্রস থেকে পর্তুগিজ তারকার শক্তিশালী হেড স্পোর্টিং গোলরক্ষক দিয়েগো মারিনোকে কোন সুযোগই দেয়নি।
বিরতির আগে রোনালদোর আরো কয়েকটি সুযোগ নষ্ট না করলে মাদ্রিদের হয়ে ৪০তম হ্যাটট্রিক প্রায় পেয়েই গিয়েছিলেন। উল্টো বিরতির আগে লুকা মোদ্রিচের ভুল পাস থেকে বামদিক থেকে ইসমা লোপেজের ক্রস কারমোনা শান্ত মাথায় গোলে পরিণত করেন। শনিবারের কথা মাথায় রেখে মাদ্রিদ বস অধিনায়ক সার্জিও রামোসকে ৭২ মিনিটে উঠিয়ে নেন। রামোসের অনুপস্থিতিতে নাচো সেন্ট্রাল ডিফেন্সে নেমে আসেন। এর পরপরই স্পোর্টিং এর বদলী খেলোয়াড় ভিক্টর রডরিগুয়েজকে পেনাল্টি এরিয়ার মধ্যে নাচো ফাউল করলে পেনাল্টি আদায় করে নেয় সফরকারীরা। কিন্তু কপ স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হলে হতাশ হতে হয় গিজনকে।
সপ্তাহের মাঝামাঝিতে চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের কাছে ঘরের মাঠে ৩-১ গোলে পরাজয়ের হতাশা নিয়ে মাঠে নেমেছিল সেভিয়া। কিন্তু রেলিগেশন জোন থেকে মাত্র দুই পয়েন্ট দূরে থাকা ভ্যালেন্সিয়াকে কোন সুযোগই দেয়নি তারা। প্রথমার্ধ গোলশূন্য থাকার পরে দ্বিতীয়ার্ধের শুরুতেই ভিটোলোর ক্রস থেকে এজেকুয়েল গারে আত্মঘাতী গোলে সেভিয়াকে এগিয়ে দেয়। বদলি খেলোয়াড় মুনির আল হাদাদি ১২ মিনিট পরে দারুণ দক্ষতায় সফরকারীদের পক্ষে সমতা ফেরান।
৭৫ মিনিটে নিকো পারেজার গোলে সেভিয়া পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে। এর আগে দিনের শুরুতে মালাগা ৪-৩ গোলে ডিপোর্তিভো লা করুনাকে ও এস্পানেয়ল ৩-০ গোলে লেগানেসতে পরাজিত করে লিগ টেবিলের মাঝামাঝিতে উঠে এসেছে।
ইত্তেফাক/এমএইচ